দুর্নীতির মামলায় এসকে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৩
দুর্নীতির মামলায় এসকে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।


রায় ঘোষণার সময় কারাগার থেকে সুপর্ণা সুরকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানাসহ তাকে আবার কারাগারে পাঠানো হয়। দুদকের প্রসিকিউটর শাহ মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলার সূত্রে জানা যায়, সুপর্ণা সুরের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে তার নিজের এবং স্বামী এসকে সুরের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিস্তারিত বিবরণ চাওয়া হয়।


২০২৪ সালের ২৭ অক্টোবর তিনি নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ নির্ধারিত ফরম গ্রহণ করেন। কিন্তু আদেশ পাওয়ার পর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা দেননি।


এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন।


তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক এএম তাহের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আদালত সুপর্ণার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিচার চলাকালে মামলায় পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com