
নড়াইলের সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া কে ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি রবিউল ইসলাম (৩৫) কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রবিউল ইসলাম রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার শিকদারের ছেলে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই বিকালে রামচন্দ্রপুর গ্রামে মফিজুর রহমানের মেয়ে জান্নাতুল মাওয়াকে একা পেয়ে রবিউল ইসলাম নিজের ঘরে নিয়ে ধর্ষণ ও হত্যা করে। পরদিন শিশুর বাবা বাদী হয়ে রবিউল ইসলামকে একমাত্র আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন। ওই দিন সকাল দশটার দিকে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন রবিউল ইসলামকে আটক করে গনধোইল দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
ঘটনার প্রতিবাদে নড়াইলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। ২২ জুলাই সকালে রবিউলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রাতেই রবিউল ইসলাম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্ত শেষে গত ৪ আগস্ট নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু রবিউল ইসলামকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। এরপর ১১ আগস্ট সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেন।
বুধবার আজ রায়ের ধার্য দিনে সকাল সাড়ে ১১টার দিকে আসামি রবিউল ইসলামকে পুলিশি পাহারায় আদালতে আনা হয়। রায়কে ঘিরে আদালত চত্বরে ভীড় করেন নিহতের স্বজনসহ উৎসুক জনতা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ ধর্ষণ ও হত্যাকাণ্ডে একমাস সময়ে এবং আদালতে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার ৮ কর্মদিবসের মধ্যে আসামি রবিউল ইসলামকে মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার রায় ঘোষণা করেন।
নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]