২ মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৫:১৫
২ মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর এবং ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। দুই মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।


রবিবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার পৃথক দুটি আদালতে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়। মামুনের আইনজীবী পলাশ রায় বিষয়টি নিশ্চিত করেন।


আইনজীবী সূত্রে জানা গেছে, স্ত্রীকে মারধরের মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি ১ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।


অন্যদিকে, ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টার অভিযোগে ভাটারা থানায় দায়ের করা মামলায় ঢাকার সিএমএম আদালতের ২৬ নম্বর আদালতের বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেন।


পলাশ রায় জানান, প্রিন্স মামুনের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় জামিনের আদেশের পর তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।


এর আগে, স্ত্রীর করা কোটি টাকা যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের মামলায় গত ২৪ জুলাই প্রিন্স মামুনকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।


অন্যদিকে, ২৩ জুলাই গভীর রাতে ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে তার স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা ভাটারা থানায় মামলা করেন।


মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমান ২৫ জুলাই মামুনকে ওই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।


পরে ২৯ জুলাই আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com