
ইউক্রেনের রাজধানী কিয়েভের ৩৬টি স্থানে একযোগে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১৭ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। খবর আল জাজিরার।
মস্কোর ‘ব্যাপক’ হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এমন সতর্কবার্তার কয়েক ঘণ্টার মাথায় একযোগে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে রাশিয়া। ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।
এর আগে বৃহস্পতিবারের (২ জুলাই) এই হামলায় বেশ কয়েকজন নিহত এবং অন্তত ৯০ জন আহত হওয়ার খবর জানিয়েছিলেন জেলেনস্কি।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রুশ ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে একটি বহুতল আবাসিক ভবনের ছয়টি ফ্লোর আংশিকভাবে ধসে পড়েছে। টেলিগ্রামে ক্লিচকো লিখেছেন, ‘কিয়েভে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং ইউএভি (ড্রোন) দিয়ে হামলা চালানো হচ্ছে।’
রাজধানী কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেনকো জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত দুটি শিশু রয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর দেশটিতে ৭৪টি ক্ষেপণাস্ত্র এবং ৪৯৬টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। টেলিগ্রামে এক বার্তায় তারা জানায়, আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো ৪৮টি ক্ষেপণাস্ত্র এবং ৪৭৬টি ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। তবে ২৫টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১২টি ড্রোন বিভিন্ন স্থানে আঘাত হেনেছে।
এক বিবৃতিতে বিমানবাহিনী আরও জানায়, ‘এই ভয়াবহ সন্ত্রাসী হামলায় যারা প্রাণ হারিয়েছেন এবং প্রিয়জন হারিয়েছেন, সেই সমস্ত ভুক্তভোগী ও পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা এর প্রতিশোধ নেব।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]