ট্রাম্প অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত: জো বাইডেন
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৯:৫৯
ট্রাম্প অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত: জো বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ডনাল্ড ট্রাম্পকে অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত বলে কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস ছাড়ার পর প্রথম রাজনৈতিক ভাষণে ট্রাম্পকে তীব্র আক্রমণ করেন তিনি। বাইডেনের অভিযোগ, প্রেসিডেন্টের পদকে ব্যক্তিগত সম্পদ বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প।


মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে মার্কিন রাজনীতি। মেরিল্যান্ডে ডেমোক্র্যাটিক পার্টির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরব হন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করে তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্টের পদকে ব্যক্তিগত সম্পদ বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প।


হোয়াইট হাউসে এমন প্রকাশ্য দুর্নীতির নজির যুক্তরাষ্ট্রের ইতিহাসে আগে দেখা যায়নি বলেও অভিযোগ তার।


বাইডেন বলেন, এই প্রশাসন অযোগ্য এবং চরম দুর্নীতিগ্রস্ত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রশাসনে এমন নজিরবিহীন, প্রকাশ্যে দুর্নীতি কখনো দেখা যায়নি। হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প কোটি কোটি ডলার কামিয়েছেন, যা আমার কাছে সত্যিই হতবাক করার মতো। তার কোনো লজ্জা নেই। এটি দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক।


হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে বলরুম নির্মাণ, কেনেডি সেন্টারে ট্রাম্পের নিজের নাম যুক্ত করা এবং রিফ্লেক্টিং পুল সংস্কারসহ বিভিন্ন প্রকল্পকে আত্মপ্রচারের উদাহরণ হিসেবে তুলে ধরেন বাইডেন।


ট্রাম্পকে ‘ব্যর্থ ও আত্মমুগ্ধ নেতা’ আখ্যা দিয়ে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, এসব প্রকল্প বর্তমান প্রশাসনের অদক্ষতা ও ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির প্রতিফলন। একই সঙ্গে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে প্রেসিডেন্টের পদ ব্যবহার করে ট্রাম্প বিপুল অর্থ আয় করেছেন বলেও অভিযোগ বাইডেনের।


বাইডেন আরও বলেন, ট্রাম্প হোয়াইট হাউসের পূর্ব অংশ ভেঙে নিজের জন্য বলরুম বানাতে চেয়েছিলেন, কেনেডি সেন্টারের ভবনে নিজের নাম খোদাই করতে চেয়েছিলেন, এমনকি নিজের সম্মানে তোরণ তৈরি করতে চেয়েছিলেন। তিনি একজন ব্যর্থ মানুষ।


ক্যাপিটল হামলায় জড়িতদের ট্রাম্প সরকারি অর্থে ক্ষতিপূরণ দেয়ার পরিকল্পনা করছে দাবি করে এর তীব্র সমালোচনা করেন বাইডেন। তিনি বলেন, যারা ৬ জানুয়ারির হামলায় অংশ নিয়েছিল, তারা ক্ষতিপূরণের নয়, বরং দীর্ঘ কারাদণ্ডের যোগ্য। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ন করা এবং মিত্রদের বদলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রাধান্য দেওয়ার অভিযোগও তোলেন সাবেক এই প্রেসিডেন্ট।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com