রাশিয়ায় ৪০০ ড্রোন দিয়ে ইউক্রেনের হামলা
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৬:২৮
রাশিয়ায় ৪০০ ড্রোন দিয়ে ইউক্রেনের হামলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ইউক্রেন রাতভর ৪০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশের এলাকায় হামলা চালিয়েছে। এতে করে ১০ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবনে আগুন ধরেছে।


সোমবার (২০ জুলাই) বিষয়টি জানিয়েছে রুশ কর্মকর্তারা। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে পরিচালিত অন্যতম বৃহৎ এই ড্রোন হামলায় ৪০০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছে মস্কো।


মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বার্তা সংস্থা টেলিগ্রামে জানান, ইউক্রেন রাতভর তাদের দিক থেকে অন্তত ৪০০টির বেশি ড্রোন নিক্ষেপ করেছে। তিনি দাবি করেন, ড্রোনের বড় একটি অংশ রাজধানীর সীমানার বাইরে ধ্বংস করা হয়েছে, যার মধ্যে মস্কোর দিকে এগিয়ে আসতে থাকা ৮৫টি ড্রোন মাঝপথেই ভূপাতিত করে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস একে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে মস্কোর ওপর ইউক্রেনের অন্যতম বড় হামলা বলে বর্ণনা করেছে।


মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওভ রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাক্স-এ জানান, আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার মাধ্যমে আক্রমণ ঠেকানো হলেও পোডোলস্ক, ডমোদেডোভো এবং ওডিনত্সোভো জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বেশ কিছু ব্যক্তিগত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি স্থানে আগুন ধরেছে এবং ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বেসামরিক অবকাঠামোর।


এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন শহরে ভয়াবহ ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। পাঁচ ঘণ্টাব্যাপী এই হামলায় অন্তত ছয়জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, এটি ২০২২ সালে যুদ্ধ শুরুর পর রাশিয়ার অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা। এতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার (১৯ জুলাই) গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত চলে এই হামলা।


ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ইস্কান্দার-এম ও হাইপারসনিক জিরকনসহ প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। গভীর রাত দেড়টার দিকে বাসিন্দারা যখন ঘুমিয়ে ছিলেন, তখনই বেজে ওঠে বিমান হামলার সতর্কসংকেত। প্রথমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিরোধের আওয়াজ, এরপর কয়েক মিনিটের ব্যবধানে একের পর এক বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com