
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
স্থানীয় সময় শুক্রবার (১৭ জুলাই) হওয়া এ ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টা ৪৮ মিনিটে সংশ্লিষ্ট শহর থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) উত্তরে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গুয়াতেমালার সীমান্তবর্তী চিয়াপাস রাজ্যের পুয়ের্তো মাদেরো বন্দরের অদূরে।
ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) ব্যাসার্ধের উপকূলীয় এলাকাগুলোতে বিপজ্জনক সুনামি ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।
সংস্থাটি জানায়, মেক্সিকো ও গুয়াতেমালার কয়েকটি উপকূলে জোয়ারের স্বাভাবিক উচ্চতার তুলনায় ০.৩ থেকে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে।
তবে মেক্সিকোর নৌবাহিনী প্রধান রায়মুন্দো মোরালেস জানান, সমুদ্রের পানির উচ্চতা আধা মিটারের বেশি বাড়ার আশঙ্কা নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি জনগণকে আপাতত সমুদ্রসৈকত থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।
একটি নিয়মিত সরকারি সংবাদ সম্মেলনে মোরালেস বলেন, ‘আপাতত বড় কোনো সমস্যা বা সামুদ্রিক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির কারণে কিছু সমুদ্রসৈকতে পানির উচ্চতা বড়জোর আধা মিটার পর্যন্ত বাড়তে পারে।’
মূল ভূমিকম্পের পর মেক্সিকো, গুয়াতেমালা ও এল সালভাদরে বেশ কয়েকটি মৃদু ও মাঝারি মাত্রার পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে। এগুলোর কয়েকটির তীব্রতা রিখটার স্কেলে ৫ থেকে ৬ মাত্রার মধ্যে ছিল বলে জানা গেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]