চার দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১২:০২
চার দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলে মাত্র চার দিনেই ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত বলিউড কমেডি সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। মুক্তির প্রথম তিন দিনের মাথায় উইকএন্ড পেয়ে আয়ে বেশ এগিয়ে যায় সিনেমাটি। প্রথম কর্মদিবসে অর্থাৎ চতুর্থ দিনে বেশ খানিকটা আয় কমলেও ১০০ কোটি ছাড়িয়ে যায় আহমেদ খান পরিচালিত এই সিনেমাটি।


স্যাকনিল্ক থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, চার দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস কালেকশন বা বক্স অফিস আয় দাঁড়িয়েছে ১০৬ কোটি ৪৮ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১৩৮ কোটি ৫৭ লাখ টাকা।


এর মধ্যে ভারতের অভ্যন্তরীণ বাজার থেকে মোট গ্রস আয় এসেছে ৮৬ কোটি ৫৩ লাখ রুপি, যার নেট কালেকশন ৭২ কোটি ২৫ লাখ রুপি। অন্যদিকে আন্তর্জাতিক বা ওভারসিজ বাজার থেকে সিনেমাটি এ পর্যন্ত তুলে নিয়েছে ১৯ কোটি ৯৫ লাখ রুপি।


মুক্তির চতুর্থ দিনে অর্থাৎ প্রথম সোমবার ভারতের ১০ হাজার ৯২২টি শো থেকে সিনেমাটি নেট সাড়ে ৮ কোটি রুপি এবং ওভারসিজ থেকে আরও ৩ কোটি রুপি আয় করে; বিশ্বব্যাপী একশো কোটির অভিজাত ক্লাবে নিজের নাম লেখায় ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।


এর আগে গত বৃহস্পতিবার অগ্রিম প্রদর্শনী বা পেইড প্রিভিউয়ের মাধ্যমে ৩ কোটি ৭৫ লাখ রুপি আয় করে ভারতের বক্স অফিসে খাতা খোলে সিনেমাটি। এরপর মুক্তির প্রথম দিন শুক্রবারে ১৫ কোটি ২৫ লাখ এবং দ্বিতীয় দিন শনিবারে ২০ কোটি রুপি আয় করে এটি। সাপ্তাহিক ছুটির দিন রোববারে সিনেমাটি তার সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লাখ রুপি সংগ্রহ করে। কর্মদিবসের প্রথম দিন সোমবারে এসে আয়ের ক্ষেত্রে স্বাভাবিক পতন লক্ষ্য করা গেলেও সাড়ে ৮ কোটি রুপির এই সংগ্রহকে দীর্ঘমেয়াদি সফলতার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। মূলত পারিবারিক দর্শক ও ফ্র্যাঞ্চাইজিপ্রেমীদের আকর্ষণের কারণেই সিনেমাটি কর্মদিবসেও ভালো ব্যবসা ধরে রাখতে পেরেছে।


উল্লেখ্য, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাটি ২০০৭ সালের ব্লকবাস্টার ‘ওয়েলকাম’ এবং ২০১৫ সালের ‘ওয়েলকাম ব্যাক’-এর পর এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। সাম্প্রতিক সময়ের অন্যতম বড়। তারকাবহুল এই সিনেমায় অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন সুনীল শেঠি, পরেশ রাওয়াল, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, আফতাব শিবদাসানি এবং জ্যাকি শ্রফের মতো একঝাঁক জনপ্রিয় তারকা।বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com