
‘প্ল্যানেটারি হেলথ থ্রু দ্য লেন্স—সিএটিএ-আর্থ ২০২৬’ প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী চৌধুরী সুপ্রতীক বড়ুয়া।
সুপ্রতীক বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাঁর তৈরি পুরস্কারজয়ী ‘সল্ট অ্যান্ড সারভাইভাল’ প্রামাণ্যচিত্রে উঠে এসেছে লবণাক্ততা বৃদ্ধি, চিংড়ি চাষ, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে বদলে যাওয়া উপকূলের মানুষের জীবন-জীবিকা ও পরিবেশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের উপস্থিতিতে সুপ্রতীক এই পুরস্কার গ্রহণ করেন।
এই অর্জন তাঁর জন্য আনন্দ ও অনুপ্রেরণার জানিয়ে বলেন, ‘এই প্রামাণ্যচিত্রের মাধ্যমে উপকূলের মানুষের পানির সংকট ও টিকে থাকার সংগ্রাম তুলে ধরার চেষ্টা করেছি। এই স্বীকৃতি আমি সেই মানুষদের উৎসর্গ করছি, যাঁরা তাঁদের জীবনের গল্প আমাদের সঙ্গে ভাগ করেছেন।’
সুপ্রতীকের প্রামাণ্যচিত্র নির্মাণে তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন একই বিভাগের প্রভাষক অমিত দত্ত।
তিনি বলেন, ‘সুপ্রতীকের এই কাজটি খুব সুন্দর ছিল এবং সে নিরলস পরিশ্রম করে প্রামাণ্যচিত্রটি সম্পাদন করেছে। মাঠ পর্যায়ের গবেষণা ও ভিজ্যুয়াল ভাষার সমন্বয়ে উপকূলের মানুষের অভিজ্ঞতা ও দুর্দশা তুলে ধরতে প্রামাণ্যচিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এই প্রামাণ্যচিত্রের মাধ্যমে লবণাক্ততা ও পানির সংকট নিয়ে সচেতনতা বাড়বে। পলিসি প্রণয়নে এবং এই অঞ্চলের কৃষিব্যবস্থাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার ক্ষেত্রে এটি সমন্বিত ভূমিকা পালন করবে।’
বিবার্ত/প্রসেনজিত/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]