
গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন এবং উত্তরপত্রে কারচুপির (ট্যাম্পারিং) অভিযোগে ৩০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) মাদরাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান এবং পরীক্ষা-সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোহাম্মদ সালমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অনুষ্ঠিত অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা এবং আলিম প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা-২০২৬-এ অংশ নেয়া কয়েকজন শিক্ষার্থী উত্তরপত্রে কারচুপি ও বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন করে। পরবর্তীতে উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
মাদরাসা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বহিষ্কৃত ৩০ শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ ১২ জন আলিম প্রথম বর্ষের। এছাড়া সপ্তম শ্রেণির ৮ জন, অষ্টম শ্রেণির ৩ জন, নবম শ্রেণির ২ জন, দশম শ্রেণির ৩ জন এবং ষষ্ঠ শ্রেণির ২ জন শিক্ষার্থী রয়েছেন।
বিষয়ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ইংরেজি দ্বিতীয় পত্রে সর্বাধিক ১১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে উত্তরপত্রে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, আইসিটি, নাহু, বালাগাত-মানতিক, কুরআন, পৌরনীতি, ইতিহাস এবং বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের পরীক্ষায়ও অনিয়মের ঘটনা শনাক্ত হয়েছে।
এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান বলেন, প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম, শিক্ষার মান, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং একাডেমিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। ভবিষ্যতেও কোনো ধরনের জালিয়াতি বা অসাধু উপায়ের ক্ষেত্রে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]