৪৭তম বিসিএসের সংশোধিত ফলাফলে শেকৃবির বড় সাফল্য
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ২৩:৩৩
৪৭তম বিসিএসের সংশোধিত ফলাফলে শেকৃবির বড় সাফল্য
শেকৃবি প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

৪৭তম বিসিএসের সংশোধিত ফলাফলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের ১৪ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবজনক সাফল্য অর্জন করেছেন।


বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বৃহস্পতিবার (১৬ জুলাই) ৪৭তম বিসিএসের সংশোধিত ফলাফল প্রকাশ করে।


পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশোধিত ফলাফলে প্রাণিসম্পদ ক্যাডারে আরও ১৪ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে।


পিএসসি প্রকাশিত সংশোধিত ফলাফলে শেকৃবির এএসভিএম অনুষদের ১ জন প্রশাসন ক্যাডারে এবং ১৩ জন প্রাণিসম্পদ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে প্রাণিসম্পদ ক্যাডারে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম ও চতুর্থ স্থান অর্জন করে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ সাফল্যের পেছনে এএসভিএম অনুষদের শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক উদ্যোগ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে ধারাবাহিক ও ফলপ্রসূ যোগাযোগ, পাশাপাশি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও নিরলস প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব সমন্বিত উদ্যোগের ফলেই সংশোধিত ফলাফল প্রকাশিত হয়েছে এবং শিক্ষার্থীরা তাদের প্রাপ্য স্বীকৃতি অর্জনের সুযোগ পেয়েছেন।


বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এই সাফল্য শুধু ১৪ জন শিক্ষার্থীর ব্যক্তিগত অর্জন নয়; এটি এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী এবং সমগ্র শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত গর্ব। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় এবং প্রশাসনের দায়িত্বশীল ভূমিকার উজ্জ্বল প্রতিফলন।


শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন ৪৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও দেশের প্রশাসন, প্রাণিসম্পদ, কৃষি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে শেকৃবির শিক্ষার্থীরা দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।


বিবার্তা/ফয়সাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com