এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার পরিক্ষার্থী
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ২৩:০৭
এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার পরিক্ষার্থী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডে ‘অসদুপায়’ অবলম্বনের অভিযোগে মোট ১৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে; এদিন অনুপস্থিত ছিলেন ২৭ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী।


দ্বিতীয় দিনের পরীক্ষা শেষে শনিবার বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।


এ দিন এইচএসসিতে বাংলা দ্বিতীয় পত্র, আলিমে আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য এবং এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্সে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা হয়।


সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ৯ সাধারণ শিক্ষা বোর্ডে ১৬২০টি কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের মধ্যে রাজশাহী বোর্ডে ১ জন, কুমিল্লা বোর্ডে ২ জন, বরিশাল বোর্ডে ২ জন, দিনাজপুর বোর্ডে ১ জন ও ময়মনসিংহ বোর্ডে ১ জন পরীক্ষার্থী রয়েছেন।


৯টি সাধারণ বোর্ডে এইচএসসির দ্বিতীয় দিনের পরীক্ষায় ৮ লাখ ৮৬ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। অংশ নেন ৮ লাখ ৪১ হাজার ১২৫ জন। অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৬৩৯ জন।


এর মধ্যে ঢাকা বোর্ডের ৩০২টি কেন্দ্রে ৪ হাজার ৪৫৬ জন, রাজশাহী বোর্ডের ২০৮টি কেন্দ্রে ২ হাজার ৮৪৬ জন, কুমিল্লা বোর্ডের ১৯৩টি কেন্দ্রে ১ হাজার ৯৫৬ জন, যশোর বোর্ডের ২৪০টি কেন্দ্রে ২ হাজার ৩৬২ জন, চট্টগ্রাম বোর্ডের ১১৪টি কেন্দ্রে ১ হাজার ৬৯০ জন, সিলেট বোর্ডের ৯৬টি কেন্দ্রে ১ হাজার ২৭৬ জন, বরিশাল বোর্ডের ১৪২টি কেন্দ্রে ১ হাজার ৪৬৭ জন, দিনাজপুর বোর্ডের ২১৩টি কেন্দ্রে ২ হাজার ২৫১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১১২টি কেন্দ্রে ১ হাজার ৩৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।


মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের আরবি প্রথমপত্র ও আরবি সাহিত্য পরীক্ষায় বহিষ্কার হয়েছে ৭ পরীক্ষার্থী।


আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য বলছে, আলিমের ৪৬০টি কেন্দ্রে ৮৪ হাজার ২৯৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ৭৯ হাজার ৯১ জন। ৫ হাজার ২০২ জন অনুপস্থিত ছিলেন।


এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষায় ৩ জন পরীক্ষার্থী বহিষ্কার ও ২ হাজার ৪৮৬ জন অনুপস্থিত ছিল।


কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এ দিন ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে ৮৫ হাজার ৭৪৯ জনের পরীক্ষা দেওয়ার কথা থাকলেও ২ হাজার ৪৮৬ জন অনুপস্থিত ছিলেন।


এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষার আয়োজন করা হচ্ছে। দেশজুড়ে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে; যাতে অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com