
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক চলতি বছরের ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা চলাকালেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন পাঠ্যবই প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সময়মতো পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্য। সে অনুযায়ী ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য বার্ষিক পরীক্ষার সময়ই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন পাঠ্যপুস্তক প্রস্তুতের সব কার্যক্রম সম্পন্ন করতে হবে বলেও তিনি জানান।
পাঠ্যবই মুদ্রণের অগ্রগতি সম্পর্কে এহছানুল হক মিলন বলেন, দরপত্র প্রক্রিয়া চলমান। আগামী আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই সব কার্যাদেশ দেওয়া হবে। এরপর সংশ্লিষ্ট প্রকাশকরা বই ছাপানোর কাজ শুরু করবেন। বই মুদ্রণ ও বিতরণ কার্যক্রম তদারকির জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সমন্বিতভাবে কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বিদ্যমান শিক্ষাক্রমে কিছু পরিমার্জন আনা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]