আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৬:১৪
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর আগারগাঁওয়ে (পুরাতন বাণিজ্য মেলার মাঠ) বাংলাদেশ সচিবালয় স্থানান্তর করার ঘোষণাকে কেন্দ্র করে ওই মাঠে থাকা মেলার স্থাপনা ভাঙচুর করার অভিযোগ উঠেছে শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে।


বুধবার (২৮ অক্টোবর) সকালের দিকে তারা ওই মাঠের একটি মেলার স্থাপনা ভাঙচুর শুরু করেন।


জানা গেছে, মাঠটিতে মাসব্যাপী ‘এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬’র আয়োজন উপলক্ষ্যে ফটকসহ স্টল নির্মাণের কাজ চলছিল।


মেলার কাজ করা প্রধান মিস্ত্রি জানান, সচিবালয় এখানে স্থানান্তরের পরিকল্পনা সরকারের। এই মেলাতো এখানে স্থায়ী কিছু না। আমাদের যদি বলতো এখান থেকে সরিয়ে ফেলতে আমরা সরিয়ে ফেলতাম। ভাঙচুরের কারণে আমাদের অনেক টাকার ক্ষয়ক্ষতি করে ফেলেছে, অনেক মালামাল নিয়ে গেছে। তারা এখানে এসেই ভাঙচুর চালায়।


এ বিষয়ে শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, এখানে কোনো সচিবালয় করতে দেওয়া হবে না। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মাঠটি আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক।


সরেজমিনে ঘুরে ও মাঠে মেলার কাজে দায়িত্বে থাকা কয়েকজনের সঙ্গে কথা বললে তারা জানান, সকালের দিকে ৫০-৬০ জন শিক্ষার্থী এসে হঠাৎ মেলার বিভিন্ন স্টল ও গেট ভাঙচুর করে। আমাদের সঙ্গে তো তাদের কোনো শত্রুতা নেই। তাহলে কেন তারা এখানে ভাঙচুর চালাবে? আমরা তো অনুমতি নিয়েই এই মেলা করছি। আমাদের এখানে প্রায় কোটি টাকা ইনভেস্ট রয়েছে।


মাঠে মেলার কর্মচারীদের অভিযোগ, কোনো শিক্ষার্থীকে পুলিশ এসে বাধা দেয়নি। নির্বিচারে তারা এখানে ভাঙচুর চালালো, অথচ প্রশাসনের কেউ এখানে এলো না।


ঘটনার বিষয়ে জানতে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একাধিকবার ফোন দিলেও কেউ রিসিভ করেননি। যে কারণে কারো বক্তব্য পাওয়া যায়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com