
ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ার পর আকাশ বিশ্বাস (২৪) নামের এক কয়েদি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (১২ অক্টোবর) বিকেল সোয়া পাঁচটার দিকে তিনি মারা যান। গত মঙ্গলবার রাতে অসুস্থ অবস্থায় ওই কয়েদিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি দেয়া হয়।
কারারক্ষী সুজন মাহমুদ জানান, নিহত আকাশ বিশ্বাস কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, আকাশ বিশ্বাস কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার কয়েদি নম্বর ১৩২০/এ। তিনি যশোরের কোতোয়ালি থানাধীন পূর্ব বারান্দী পাড়া এলাকার আব্দুল গফুর বিশ্বাসের ছেলে। তবে কী মামলায় তিনি কারাবন্দি ছিলেন, সেই বিষয়টি তিনি জানাতে পারেননি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]