চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩১
চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।


সোমবার (১২ অক্টোবর) রাতে রাজধানীর চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।


প্রশাসক আবদুস সালাম বলেন, ফায়ার ব্রিগেডের কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, এখন আর আগুন নাই, আগুন নিয়ন্ত্রণে। যথাযথ ব্যবস্থা তারা নিয়েছেন। যে কারণে বেশি ক্ষয়ক্ষতি হয়নি।


তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি। তারা বলেছেন, এটা তদন্ত করে বের করতে পারব।


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বলেন, যেই ভবনে আগুন লাগে সেটি ছিল ব্যাগের গোডাউন। আশেপাশে কিছু ছিল কাপড়ের গোডাউন কিছু আছে। সেখানে একটি ভবনে আগুন লাগার পর আশপাশে দুই একটি ভবনে ছড়িয়ে পড়ে।


উদ্ধার তৎপরতায় নাগরিকদের সহযোগিতা চেয়ে আবদুস সালাম বলেন, আল্লাহর রহমতে আগুন এখন নিয়ন্ত্রণে। বেশি ক্ষয়ক্ষতি হয়নি। এখন লোকজন যাতে সরে যায়। যাতে তারা পরিষ্কার রাস্তায় নিজেদের কাজটা করতে পারে।


সরকারের গৃহীত ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, পুরান ঢাকায় আগে কেমিক্যাল থেকে আগুন লাগতো। এখন আর এখানে কেমিক্যালের কোনো বাণিজ্য নেই। কেমিক্যালের ব্যবসা আমরা বন্ধ করে দিয়েছি।


অগ্নি নির্বাপণ ব্যবস্থা সম্পর্কে প্রশাসক বলেন, এই ঘটনা থেকে পার্শ্ববর্তী মার্কেটগুলো যারা আছে তারা যাতে শিক্ষা গ্রহণ করে, এটা জরুরি ব্যাপার। সবাই যাতে যার যার বাড়িতে, মার্কেটে ও ফ্যাক্টরিতে এই অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখে।


নাগরিক সচেতনতার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাস্তার পাশে দোকান বসে থাকে। দোকানের পাশে ফুটপাতে আরেকটা বসে থাকে। এসব কারণে রাস্তাগুলোর চলাচল বিঘ্ন সৃষ্টি হয়। এসব কারণে অনেক সময় ফায়ার ব্রিগেড ঠিকমতো ঘটনাস্থলে পৌঁছাতে পারে না। রাস্তাগুলো যাতে যথাযথভাবে পরিষ্কার রাখেন সেজন্য আহ্বান জানাব।


সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটের দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসে ঘটনাস্থলে পৌঁছান। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। সরু গলি, প্রচণ্ড ধোঁয়া ও পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com