
আবারও ভয়াবহ বায়ুদূষণের কবলে রাজধানী। শুষ্ক আবহাওয়ায় বিশ্বের ১২৫ শহরের তালিকায় বায়ুদূষণে ৬ নম্বরে উঠে এসেছে ঢাকা। এর মধ্যে সোমবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর ১০ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। সকাল সোয়া ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।
আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। সোমবার সকালে আইকিউএয়ার সূচকে বায়ুদূষণে সবার ওপরে আছে প্রতিবেশী দেশ ভারতের কলকাতা। শহরটির বাতাসের মানের স্কোর ১৯৩। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
পাশাপাশি ১৯১ স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের তালিকার ২ নম্বরে অবস্থান করছে ভিয়েতনামের হ্যানয়। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া বায়ুদূষণের তালিকায় ১৭৮ স্কোর নিয়ে ৩ নম্বরে আছে চীনের বেইজিং। এই মানের বাতাসও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
অন্যদিকে বিশ্বের ১২৫ শহরের তালিকায় বায়ুদূষণে ৬ নম্বরে অবস্থান করছে রাজধানী ঢাকা, স্কোর ১৬৯। এই মানের বাতাসও নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় জানালা বন্ধ রাখার পাশাপাশি রাজধানীবাসীদের ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।
এদিকে সোমবার সকালে রাজধানীর ১০ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। এই এলাকাগুলো হলো- বারিধারা পার্ক রোড (২০৪), মিরপুরের দক্ষিণ পল্লবী (১৮৪), গুলশান লেক পার্ক (১৭৩), শহিদ সাহাবুদ্দিন রোডের বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এলাকা (১৭১), মিরপুরের সাগুপ্তা (১৭০), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (১৬৮), মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোর (১৬৩), উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ এলাকা (১৫৯), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৬) এবং খিলগাঁওয়ের গোড়ান (৮৯)।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]