
রাজধানীর তুরাগ ও মিরপুর থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার ও গতকাল শুক্রবার পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই নেতা হলেন খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং মিরপুরের রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি।
শনিবার (১০ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বিকেল চারটার দিকে তুরাগ থানার একটি দল খালপাড় সেতুসংলগ্ন এলাকা থেকে সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামকে (৩৭) গ্রেফতার করে। তিনি ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দিঘলিয়া ও ফুলতলা থানায় করা মামলাগুলোয় বিস্ফোরক দ্রব্য আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যা, হত্যাচেষ্টা, চুরি ও অন্যান্য অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে মিরপুরে গোপন বৈঠক করার সময় ছাত্রলীগের রূপনগর থানা শাখার সভাপতি মো. মারুফ হোসেন মিঠুসহ (৩৪) তিনজনকে গ্রেফতার করার কথা জানিয়েছে মিরপুর থানা–পুলিশ। অন্য দুজন হলেন মো. আবু ইউসুফ (২৮) ও ছগির মাহমুদ (৩৩)।
মিরপুর মডেল থানা–পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]