সম্পত্তি নিয়ে বিরোধে ভাইকে গলা কেটে হত্যা, বোন-ভগ্নিপতি গ্রেফতার
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১৮:১৪
সম্পত্তি নিয়ে বিরোধে ভাইকে গলা কেটে হত্যা, বোন-ভগ্নিপতি গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর উত্তর শাহজাহানপুরে পারিবারিক সম্পত্তি ও বসবাস নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ ফকরুল হাসান ফরহাদ (৪৪) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের বড় বোন নূর আফসানা নিপা (৪৫) ও ভগ্নিপতি আব্দুস সামাদ সুজনকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর মিন্টু রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করেন।


পুলিশ জানায়, উত্তর শাহজাহানপুরের যে বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি মূলত নিহতের নানার সম্পত্তি ছিল। পরে সম্পত্তিটি নিহতের দুই বোনের মধ্যে বণ্টন করা হয়। নিহত ফরহাদ আর্থিক প্রয়োজনে খিলগাঁওয়ে তার নিজস্ব দুটি ফ্ল্যাট বিক্রি করে দেন এবং বোনদের পাওয়া ওই বাড়ির পঞ্চম তলায় নিজস্ব অর্থায়নে বসবাস শুরু করেন। তবে বাসাটির দখল, সেখানে বসবাস এবং গ্যাস ও পানির বিল পরিশোধসহ নানা বিষয় নিয়ে বড় বোন ও ভগ্নিপতির সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ তৈরি হয়। এমনকি ফরহাদকে বাসা ছেড়ে দেওয়ার জন্য আগে চাপ প্রয়োগ ও হুমকি দেওয়ার অভিযোগও তদন্তে উঠে এসেছে।


উপ-পুলিশ কমিশনার মো. হারুন অর রশিদ জানান, হত্যাকাণ্ডের পর রাত সাড়ে ৯টার দিকে নিহতের স্ত্রী বাসায় ফিরে খাটের ওপর স্বামীর গলাকাটা মরদেহ দেখতে পান। তখন তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন।


হত্যাকাণ্ডের পরপরই শাহজাহানপুর থানা-পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মাথায় লাল রঙের হেলমেট পরা এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থল সংলগ্ন এলাকা দিয়ে চলাচল করতে দেখে। পরে সন্দেহভাজন ব্যক্তির পরিচয় ও অবস্থান শনাক্ত করে তোপখানা রোডের একটি অফিস থেকে নিহতের ভগ্নিপতি আব্দুস সামাদ সুজনকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারের সময় সুজনের কাছ থেকে একটি লাল রঙের হেলমেট, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি (প্রাথমিক ধারণা) এবং ঘটনার সময় পরিহিত পোশাক উদ্ধার করা হয়েছে।


সংবাদ সম্মেলনে পুলিশের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক তদন্তে সম্পত্তি ও বসবাসসংক্রান্ত বিরোধকেই এই হত্যাকাণ্ডের প্রধান কারণ হিসেবে পাওয়া গেছে। হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com