ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্য সংঘর্ষ
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্য সংঘর্ষ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে।


রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্স ল্যাব লাগোয়া গ্রিন রোডের মুখে এ ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।


পুলিশের নিউ মার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার শওকত আলী দুপুর পৌনে ১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।


“কোনো আহতের খবর পাওয়া যায়নি। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।”


সংঘর্ষের কারণ জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, “এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া বা সংঘর্ষের জন্য কোনো কারণ লাগে না।


“অতীতেও তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, কিন্তু কোনো কারণ পাওয়া যায়নি।”


আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী বলেন, “ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ আক্রমণ করে আমাদের। কী কারণে করেছে তা জানি না।


“আমাদের কলেজের বেশ কয়েকজন আহত হয়েছে। কয়েকজনের মাথা ফেটে গেছে।”


তিনি বলেন, “আমরা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাচ্ছিলাম হঠাৎ করেই তারা আক্রমণ করে বসে। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”


এর আগে ২০২৫ সালের ৯ নভেম্বর সায়েন্স ল্যাব এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর ফের সংঘাত এড়াতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি সমঝোতা হয়েছিল।


তবে সেই সমঝোতার পরও রবিবার দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটল।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com