কেরানীগঞ্জে ব্যবসায়ী গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৫ ভরি স্বর্ণ ছিনতাই
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০০:২৩
কেরানীগঞ্জে ব্যবসায়ী গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৫ ভরি স্বর্ণ ছিনতাই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অন্তত ২৫ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তর সরকার (২৮) নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ এবং রাজিব (২৫) নামে তার এক স্বজন ককটেলের স্প্লিন্টারে আহত হয়েছেন।


সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হযরতপুর বাজার সংলগ্ন এলাকায় চলন্ত অটোরিকশা থামিয়ে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহত অন্তরের বাবা নিতাই সরকার জানান, কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় তাদের বাড়ি। হযরতপুর গরুর হাট এলাকায় ‘ঋতু জুয়েলারি’ নামে তাদের একটি স্বর্ণের দোকান রয়েছে। দোকানটিতে তিনি, তার ছেলে অন্তর এবং অন্তরের ফুপাতো ভাই রাজিব কাজ করেন।


তিনি আরও জানান, প্রতিদিনের মতো সন্ধ্যায় দোকান বন্ধ করে তারা তিনজন একটি অটোরিকশায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। হযরতপুর থেকে কিছু দূর যাওয়ার পর ৩টি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তাদের অটোরিকশার গতি রোধ করে। এ সময় দুর্বৃত্তরা অন্তরকে লক্ষ্য করে গুলি চালালে তার ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়। এরপর তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়, যার স্প্লিন্টারের আঘাতে রাজিবের পা জখম হয়। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।


নিতাই সরকার বলেন, দোকান থেকে প্রতিনিয়ত একটি টিফিন ক্যারিয়ারে করে স্বর্ণালংকার আনা-নেয়া করা হতো। হামলার সময় অন্তরের কাছে থাকা সেই টিফিন ক্যারিয়ারটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা, যার ভেতরে আনুমানিক ২৫ থেকে ৩০ ভরি স্বর্ণালংকার ছিল।


ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ অন্তর ও স্প্লিন্টারের আঘাতে আহত রাজিব হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং পুলিশ এ বিষয়ে আইনি পদক্ষেপ নিচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com