ঢাবিতে পরপর তিন ককটেল বিস্ফোরণ
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫
ঢাবিতে পরপর তিন ককটেল বিস্ফোরণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পৃথক দুটি স্থানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে দুটি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। পরপর বিস্ফোরণের শব্দে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাত পৌনে ১১টার দিকে প্রথমে জগন্নাথ হলের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পর টিএসসি মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় আশপাশে থাকা কেউ আহত হয়েছেন—এমন তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন জানান, তারা ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ ও সহকারী প্রক্টরদের পাঠিয়েছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে কাজ চলছে।


প্রক্টর কার্যালয়ের নিরাপত্তাকর্মী দলের প্রধান ইউসুফ হারুন জানান, তারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, জগন্নাথ হলের সামনে বিস্ফোরণের সময় ওই সড়ক দিয়ে কোনো গাড়ি যেতে দেখা যায়নি। কেউ হয়তো জগন্নাথ হলের ওপর থেকে ককটেল ছুড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ তথ্য এখনো নিশ্চিত নয়।


টিএসসি মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কের বিস্ফোরণ সম্পর্কে ইউসুফ হারুন জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তারা জানতে পেরেছেন, মোটরসাইকেলে করে এসে কেউ ককটেল ছুড়ে দিয়ে চলে গেছে। তবে এ তথ্যও তদন্তে নিশ্চিত হয়নি। কারা বিস্ফোরণের সঙ্গে জড়িত এবং দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, নিশ্চিত হওয়া যায়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com