রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯
রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর কদমতলী এলাকার সাদ্দাম মার্কেটের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় আল আমিন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় রাজিব (৪০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।


সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।


নিহত আল আমিন অনন্ত হাউজিং লিমিটেড-এর জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরগুনা জেলার আমতলী থানার উত্তর গজখালী গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে। তিনি সাত মাস বয়সী এক সন্তানের জনক ছিলেন। অন্যদিকে আহত রাজিবও একই প্রতিষ্ঠানে কর্মরত। তিনি রাজধানীর শ্যামপুর থানার খন্দকার রোড এলাকার আনু মিয়ার ছেলে।


দুর্ঘটনায় আহত রাজিব নিজে জানান, অফিস শেষ করে তারা দুজন মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। রাত সাদ্দাম মার্কেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কয়েকটি অটোরিকশাকে জায়গা দিতে গিয়ে তিনি মোটরসাইকেলের গতি কমান এবং পেছনের কাভার্ডভ্যানটিকে সিগন্যাল দেন। তবে কাভার্ডভ্যানটি সিগন্যাল বুঝতে না পেরে সজোরে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা দুজনই সড়কে ছিটকে পড়েন।


পরে এক পথচারী তাদের উদ্ধার করে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আল আমিনকে মৃত ঘোষণা করেন।


আহত রাজিবের বোন রোকেয়া বলেন, নিহত আল আমিন ও রাজিব সব সময় একসাথে চলাফেরা করতেন। দুর্ঘটনার মাধ্যমে এক বন্ধু তার প্রিয় বন্ধুকে হারাল।


আহত রাজিব বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে এবং আহত ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com