
বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এস এম মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও মশাল মিছিলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এতে জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বৃহস্পতিবার দিনভর লকডাউনের কোনও প্রভাব পড়েনি জেলার স্বাভাবিক জীবনযাত্রায়।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে আমতলী উপজেলার শাখারিয়া বাজারসংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
রাত সাড়ে ৯টার দিকে বরগুনা পৌর মাছবাজারের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
অন্যদিকে, পৌর শহরের চরকলোনী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এস এম মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ছাড়া শহরের স্টেডিয়াম এলাকায় টায়ারে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]