
হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকায় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮)। তাঁরা উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হায়দার আলী সিপাহীর বাড়ির মো. হারুনের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দুই ভাই মোটরসাইকেলে করে বাড়ি থেকে হাটহাজারী সদরের দিকে যাচ্ছিলেন। চারিয়া মুছার দোকান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন।
ইরাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সানজিদা তাবাসসুম তুষারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অপর মোটরসাইকেলের আরোহী হাটহাজারীর বাসিন্দা ফাহিম (১৯) আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, হাটহাজারী থেকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক যুবককে পথচারীরা হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ভাইও এ দুর্ঘটনায় মারা গেছেন বলে জেনেছি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]