
নাটোরের সিংড়া উপজেলার চলনবিল অধ্যুষিত ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামে প্রায় ১১ বিঘা ফসলি জমি কেটে পুকুর খননের অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন এর আগে দুই দফায় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুর ব্যাটারি জব্দ করলেও নতুন ব্যাটারি সংযোজন করে আবারও খননকাজ চালানোর অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল আনুমানিক ৯টা থেকে সিংড়া-বারুহাস সড়কসংলগ্ন আয়েশ গ্রামে তোফায়েল শেখের বাড়ির দক্ষিণ পাশে এ মাটি কাটার কাজ চলছিল বলে স্থানীয় সূত্রেজানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১১ বিঘা জমির মালিক হায়দার মোল্লা গং। মাটি কাটার কাজে ব্যবহৃত কথিত ভেকুর মালিক হামিদুল। তাঁর বাড়ি বিয়াশ চকপাড়া গ্রামে।
অভিযোগ রয়েছে, উপজেলা প্রশাসন এর আগে পরপর দুই দফায় ভেকুর ব্যাটারি জব্দ করে। তবে প্রশাসনের ওই পদক্ষেপের পর নতুন ব্যাটারি সংযোজন করে পুনরায় মাটি কাটার কাজ শুরু করা হয়েছে। এদিকে, সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের ছাতুয়া-কুমগ্রাম এবং ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামে ফসলি জমি কেটে পুকুর খননের অভিযোগে তদন্তের দাবি জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর আবেদন করা হয়েছিল বলেও জানা গেছে।
অভিযোগ রয়েছে, খনন করা পুকুরের মাটি ড্রাম ট্রাকে করে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হচ্ছে। এসব মাটিবাহী ড্রাম ট্রাক চলাচলের কারণে সিংড়া-বারুহাস সড়কের আয়েশ গ্রাম থেকে বিয়াশ চারমাথা পর্যন্ত বিভিন্ন স্থানে মাটি জমে থাকছে। এতে যানবাহন চলাচলে
বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পাশাপাশি সড়কের স্বাভাবিক পরিবেশ ও চলাচলের নিরাপত্তা ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ফসলি জমি কেটে পুকুর খনন অব্যাহত থাকলে কৃষিজমির পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি এলাকার কৃষি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। প্রশাসনের দুই দফাপদক্ষেপের পরও একই কাজ পুনরায় শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, অভিযোগ পাওয়ার পর দুদফায় আমরা অভিযান পরিচালনা করি এবং ব্যাটারী জব্দ করা হয়। প্রশাসন আবাদী জমি খনন বন্ধে তৎপর রয়েছে।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]