পঞ্চগড়ের বোদায় গণপিটুনিতে চোরের মৃত্যু
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৭:২৮
পঞ্চগড়ের বোদায় গণপিটুনিতে চোরের মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পঞ্চগড়ের বোদা উপজেলায় গেরস্তের বাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে নাজমুল হক বিশারু (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।


রবিবার (১৫ নভেম্বর) ভোররাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের তাজিম উদ্দিন তাজুর ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে নাজমুল হক বিশারু বোদা উপজেলার লস্করপাড়া এলাকার জ্যোতিষ চন্দ্র রায়ের বাড়িতে চুরি করতে প্রবেশ করেন। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করেন। পরে তাদের চিৎকারে প্রতিবেশী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারান।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।


বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত নাজমুল হক বিশারুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com