
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. রনি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) ভোরে মিজমিজি এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে আল আমিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহত রনি পেশায় মাইক্রোবাস চালক ছিলেন এবং ওই এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর সাড়ে ছয়টার দিকে মিজমিজি এলাকায় তেরা মার্কেটের সামনে এক নারীর সঙ্গে আল আমিনের তর্কাতর্কি হয়। এসময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে রনি বিষয়টি দেখে এর প্রতিবাদ করেন ও আল আমিনকে শান্ত করার চেষ্টা করেন। এতে আল আমিন উত্তেজিত হয়ে রনির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। তাদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে আল আমিন রনিকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আল আমিনকে আটক করে এবং নিহত রনির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় রনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় সেখানে উপস্থিত এক নারীকে নিয়ে আল আমিনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই নারীকে কেন্দ্র করে প্রশ্ন করাকে ঘিরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে রনিকে আঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় অভিযুক্ত আল আমিনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]