
বরিশালের মুলাদীতে আওয়ামী লীগের এক নেতার বসতঘরের আটটি কক্ষ, রান্নাঘর ও কাঠ রাখার ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পেট্রলবোমার আলামত পাওয়ার কথা জানিয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের ষোলঘর গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
অগ্নিকাণ্ডের শিকার বাড়িটির মালিক জয়নাল আবেদীন ষোলঘর গ্রামের মৃত আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে। তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন কেন্দ্রীয় প্রজন্ম লীগের সহ-অর্থবিষয়ক সম্পাদক।
জয়নাল আবেদীনের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা তাঁর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে। তিনি ব্যবসার কাজে ঢাকার কেরানীগঞ্জে থাকেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে প্রতিবেশীর কাছ থেকে বাড়িতে আগুন লাগার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন তিনি। পরে পুলিশ ও মুলাদী ফায়ার সার্ভিসের একটি দল রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
জয়নাল আবেদীন জানান, তাঁর বসতঘরে আটটি কক্ষ রয়েছে। সব কক্ষ ও বারান্দায় একসঙ্গে আগুন দেওয়া হয়। এ ছাড়া রান্নাঘর ও কাঠ রাখার ঘরেও আগুন দেওয়া হয়। এতে ফ্রিজ, টেলিভিশন, আসবাব ও মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
জয়নাল আবেদীনের অভিযোগ, গত ১১ অক্টোবর একদল দুর্বৃত্ত তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় মরিচের গুঁড়া ছিটিয়ে তাঁকে ও পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং ঘরের মালামাল লুট করা হয়। ওই ঘটনায় গত ১১ নভেম্বর ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন তিনি। এর দুই দিন পর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে দাবি করেন জয়নাল।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]