
মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ ভবন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রাতের আঁধারে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করার চেষ্টা করা হয়েছে। তবে স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিকৃতিগুলো সরিয়ে ফেলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতের কোনো এক সময় সরকারি স্থাপনা দুটিতে প্রতিকৃতিগুলো স্থাপন করার চেষ্টা করে দুর্বৃত্তরা।
শনিবার (১৪ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।
জানা যায়, সকালে স্থানীয়রা উপজেলা পরিষদ ভবন ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রতিকৃতিগুলো দেখতে পান। সকাল সাড়ে ৭টা পর্যন্ত সেগুলো সেখানে ছিল। পরে কয়েকজন ব্যক্তি প্রতিকৃতিগুলো সরিয়ে নেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এর আগে উপজেলা পরিষদ ভবন ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করা ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেগুলো ভেঙে ফেলা হয়। দীর্ঘ বিরতির পর গতকাল শুক্রবার রাতে আবারও প্রতিকৃতিগুলো স্থাপন করার চেষ্টা করা হয়।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীদের ফেসবুক অ্যাকাউন্টে প্রতিকৃতি স্থাপনের ভিডিও ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কয়েকজন ব্যক্তি প্রতিকৃতিগুলো সরিয়ে ফেলেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]