একাধিক বিয়ের অভিযোগে স্ত্রীর মামলায় এনসিপি নেতা গ্রেফতার
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৮
একাধিক বিয়ের অভিযোগে স্ত্রীর মামলায় এনসিপি নেতা গ্রেফতার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলায় বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (১৩ নভেম্বর) সাতকানিয়ার কেরানীহাট এলাকার ২ নম্বর ব্রিজ সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।


আদালতের জারি করা দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলায় গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে সাতকানিয়া থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।


​দলীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে মিজানুর রহমান আখন্দকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর কিছুদিন পরই তার বিরুদ্ধে পারিবারিক বিরোধ এবং দেনমোহর ও ভরণপোষণের দাবিতে আদালতে মামলা দায়ের করেন তার স্ত্রী শাহীনা আক্তার। ওই মামলায় আদালতের পক্ষ থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।


বাদীপক্ষের অভিযোগ, বিয়ের পর থেকেই মিজানুর রহমান আখন্দ তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং নিয়মিত ভরণপোষণ দেওয়া থেকে বিরত থাকেন। বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত তিনি আইনের আশ্রয় নেন। এ ছাড়া তার স্বামী অন্যত্র একাধিক বিয়ে করেছেন এবং বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্কে জড়িত রয়েছেন বলে অভিযোগ করেন বাদী শাহীনা আক্তার।


মামলার বাদী শাহীনা আক্তার বলেন, বিয়ের পর দীর্ঘদিন ধরে মিজান আমার কোনো খোঁজ রাখছে না।


যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এবং ভরণপোষণও দিচ্ছে না। নানাভাবে চেষ্টা করে ব্যর্থ হয়ে আমি বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি। আমি আমার আইনগত অধিকার ও ন্যায়বিচার চাই।


বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, আদালতের পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।


বিবাতা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com