
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ৩২টি পোশাক কারখানা।
শনিবার (১৪ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় এসব কারখানার সামনে বন্ধের নোটিশ দেখা যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকায় অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম।
শিল্পপুলিশ জানায়, সকালে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত কোথাও কর্মবিরতি কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বেশ কিছু কারখানা বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে বন্ধের নোটিশ পেয়ে এসব কারখানার শ্রমিকরা কাজে যোগ দেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে শিল্পপুলিশ, ঢাকা জেলা পুলিশ, র্যাব ও বিজিবি।
এর আগে কয়েক দিন ধরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এসব ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ১৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, বন্ধ কারখানার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]