
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তাজমীম আরেফিন সিদ্দিকী মীমকে (২৫) বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার সন্ধ্যার দিকে আলফাডাঙ্গা উপজেলা সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাজমীম আরেফিন সিদ্দিকী উপজেলার বুড়াইচ ইউনিয়নের পানিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নুরুল বাশার মিয়ার ছেলে।
আলফাডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৭০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। পৌর সদরের বুড়াইচ এলাকার বাসিন্দা ও বিএনপি সমর্থক লাভলু সর্দার বাদী হয়ে মামলাটি করেছিলেন। গ্রেফতারকৃত মীম ওই মামলার ৫৭ নম্বর এজাহারভুক্ত আসামি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি তাজমীম আরেফিনকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/মিলু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]