
সড়কে নিরাপদ যাতায়াতের প্রত্যাশা থাকলেও সিলেট বিভাগে দুর্ঘটনা ও প্রাণহানির চিত্র উদ্বেগজনক হয়ে উঠেছে। বছরের প্রথম ১০ মাসেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩১৫ জন। একই সময়ে আহত হয়েছেন আরও ৬৭৮ জন। প্রতিটি দুর্ঘটনার পর আলোচনা ও উদ্বেগ তৈরি হলেও সড়কে মৃত্যুর এই ধারাবাহিকতা থামছে না।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় মোট ২৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সর্বশেষ অক্টোবর মাসে ২৭টি দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন।
অক্টোবরের দুর্ঘটনাগুলোর জেলা ভিত্তিক চিত্রে সিলেট জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জেলায় ১৫টি দুর্ঘটনায় প্রাণ গেছে ১৬ জনের, আহত হয়েছেন ৩০ জন। সুনামগঞ্জে দুটি দুর্ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। মৌলভীবাজারে চারটি দুর্ঘটনায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। অন্যদিকে হবিগঞ্জে ছয়টি দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
নিহতদের পরিচয় ও যানবাহনভিত্তিক পরিসংখ্যানেও উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। অক্টোবরে প্রাণ হারানো ২৭ জনের মধ্যে ১৮ জন পুরুষ, তিনজন নারী ও ছয়জন শিশু। তাঁদের মধ্যে মোটরসাইকেলের চালক ও আরোহী ছিলেন নয়জন। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের চালক-আরোহী পাঁচজন, বিভিন্ন যানবাহনের চালক ছয়জন এবং পথচারী চারজন।
দুর্ঘটনার ধরন পর্যালোচনায় দেখা যায়, মুখোমুখি সংঘর্ষেই সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। এ ধরনের নয়টি দুর্ঘটনায় মারা গেছেন ১০ জন। এ ছাড়া যানবাহনের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পাঁচটি ঘটনায় পাঁচজন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় দুটি ঘটনায় দুজন নিহত হয়েছেন।
নিসচার তথ্য বলছে, চলতি বছরের ১০ মাসের মধ্যে মে মাস ছিল সবচেয়ে প্রাণঘাতী। ওই মাসে ৪২টি দুর্ঘটনায় ৫১ জনের মৃত্যু হয়। আগস্ট মাসেও ৩৫টি দুর্ঘটনায় প্রাণ হারান ৪৭ জন। অন্য মাসগুলোর মধ্যে জানুয়ারিতে ২৫, ফেব্রুয়ারিতে ৩২, মার্চে ৩২, এপ্রিলে ১৫, জুনে ২৯, জুলাইয়ে ৩১ এবং সেপ্টেম্বরে ২৬ জন নিহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনার পেছনে অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং, ট্রাফিক আইন অমান্য, ফিটনেসবিহীন যানবাহন চলাচল, মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারে অনীহা এবং পথচারীদের অসচেতনতাকে দায়ী করা হয়েছে। পাশাপাশি সড়কের নির্মাণগত ত্রুটিও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব জহিরুল ইসলাম মিশু জানান, বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক, অনলাইন সংবাদমাধ্যম এবং নিসচার বিভাগীয় ও জেলা পর্যায়ের শাখা সংগঠন থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে।
সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে, দুর্ঘটনা কমাতে শুধু সচেতনতামূলক প্রচার যথেষ্ট নয়; প্রয়োজন আইন প্রয়োগে কঠোরতা, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা, গতিসীমা নিয়ন্ত্রণ, চালকদের প্রশিক্ষণ এবং ঝুঁকিপূর্ণ সড়ক চিহ্নিত করে দ্রুত সংস্কার। বিশেষ করে মোটরসাইকেল চালক ও আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ব্যবহারে কার্যকর নজরদারি জরুরি।
সিলেটের সড়কে ১০ মাসে ৩১৫টি প্রাণ ঝরে যাওয়ার পরিসংখ্যান আবারও মনে করিয়ে দিচ্ছে, সড়ক নিরাপত্তা কেবল প্রশাসনের দায়িত্ব নয়; চালক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণই পারে এই মৃত্যুর মিছিল কমাতে।
বিবার্তা/জাহিদুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]