
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে নিহত ৬ শিশু ও কিশোরের জানাজা শেষে দাফন করা হয়েছে। নিহত ৬ জনকেই একই গোরস্থানে সারিবদ্ধভাবে দাফন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মালঞ্চি ইউনিয়নের মহাদেবপুর গোরস্থান মাঠে নিহতদের এক সঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দাফন করা হয়। এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলের মধ্যে বজ্রপাতে তারা নিহত হন।
নিহতরা হলেন- মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকায় রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামানিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বিভিন্ন অঞ্চল থেকে ওই বিলে মাছ মারতে গিয়েছিলেন। এ সময় বিকেলে ৮ জন বৃষ্টির মধ্যে পড়ে বিলের একটি টং ঘরে আশ্রয় নেয়। এই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। এবং দুইজন গুরুতর আহত হন। তারা বেশ কিছুক্ষণ টং ঘরেই পড়েছিলেন। সন্ধ্যার দিকে আশপাশে এলাকার মানুষ টের পেয়ে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা জানিয়েছেন, নিহতদের জানাজা সম্পূর্ণ হয়েছে। নিহতদের প্রত্যেক পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়া হবে। সরকারের ঘোষিত বজ্রপাতে নিহত ও আহতদের আর্থিক সহায়তা নীতিমালার আওতায় নিহত পরিবারকে ৫০ হাজার এবং আহত পরিবারকে ২০ হাজার টাকা সহযোগিতা দেয়া হবে।
বিবার্তা/পলাশ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]