
টাঙ্গাইলে নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সঙ্গে জেলা পর্যায়ের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার উন্নয়ন কার্যক্রম, জনসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক আবু সাঈদ টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা আরও সহজ ও জনবান্ধব করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরেন।
জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মানুষের মধ্যে ব্যাপক প্রভাব ফেলে। তাই সাংবাদিকদের সত্য, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে মিথ্যা, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের মাধ্যমে যেন জনগণ বিভ্রান্ত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, টাঙ্গাইলের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে প্রশাসন কাজ করবে। জেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি ও টাঙ্গাইল ল’ কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ, অ্যাডভোকেট জাফর আহমেদ, প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, সাধারণ সম্পাদক মহব্বত হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]