খুলনায় যুবক গুলিবিদ্ধ
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫২
খুলনায় যুবক গুলিবিদ্ধ
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

খুলনায় আবার ভোরে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে নগরীর দৌলতপুর থানার বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় মহিদুল ইসলাম (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।


বুধবার (৭ অক্টোবর) ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে। তার পেটের ডান পাশে গুলি লেগেছে।


খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলি শরীর ভেদ করে পেছন দিয়ে বেরিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় সকাল পৌনে ৭টার দিকে মহিদুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।


পরে তাকে হাসপাতালের সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।


মহিদুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খাঁর ছেলে।


বর্তমানে তিনি নগরীর উত্তর কাশিপুর এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।


স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মহিদুল একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করেন। বুধবার ভোরে তিনি বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকার একটি হোটেলে নাশতা করতে যান। এর কিছুক্ষণ পর আট থেকে ১০ জন গিয়ে তাকে ঘিরে ধরে গুলি করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।


দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন মহিদুলের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।


মহিদুলের ভাই শহিদুল বলেন, মহিদুল বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় গুলিবিদ্ধ হয়েছে। তবে হামলার কারণ বা হামলাকারীদের বিষয়ে জানি না।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ মহিদুল একেক সময় একেক ধরনের কথা বলছেন। যতদূর জানতে পেরেছি, তিনি খারাপ প্রকৃতির ছেলে। মাদক নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।


স্থানীয়রা জানান, একই এলাকায় এর আগেও গুলির ঘটনা ঘটেছে। প্রায় দুই মাস আগে ফজরের নামাজের সময় একটি মসজিদের ভেতরে কয়েক রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটে। এবারও ওই এলাকার কাছেই ভোরে গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com