
বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
শনিবার (৩ অক্টোবর) রাতে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার বাবুল মোল্লার ছেলে লিমন মোল্লা (২৪), দোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. আমিন খান (২৩) এবং একই গ্রামের জামাল মাস্টারের ছেলে সোহেব (১৬)।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. সিফাত খান বলেন, সন্ধ্যার পর সড়ক দুর্ঘটনায় আহত নয়জন রোগী হাসপাতালে এসেছিলেন। এর মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। চারজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। আর দুজনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেল ও ডাব বহনকারী নসিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]