
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মহেশপুর উপজেলার ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লাপাড়া মসজিদের সামনে ভৈরবা-গাড়াপোতা সড়কে এবং কালীগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মহেশপুরে পাখি ভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মামুন হোসেন (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা আরও তিন জন গুরুতর আহত হয়েছেন। নিহত মামুনের বাড়ি ওই এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুল্লাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে পাখি ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক মামুন ঘটনাস্থলেই মারা যান। ভ্যানে থাকা আরও দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ভৈরবা পুলিশ ফাঁড়ির এসআই তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের একটি টিম । পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি জব্দ করেছে।
অন্যদিকে কালীগঞ্জে রুপসা গাড়ির ধাক্কায় আব্দুস সামাদ নামের (৪৫) এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহত আব্দুস সামাদ উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে ও কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে দ্রুতগতির কুষ্টিয়াগামী রূপসা গাড়ি কালীগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে শহরের দিক থেকে আসা পৌরসভার কসাইখানা পরিদর্শক আব্দুস সামাদের মোটরসাইকেলে সাজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । সে সময় আরেক ব্যক্তি আহত হন । প্রতিবেদন লেখা পর্যন্ত আহত ব্যক্তির পরিচয় মেলেনি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা ও পৌর প্রশাসক রেজওনা নাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার পৌরসভায় কর্মরত আব্দুস সামাদ মারা গেছেন । সে সময় আরেকজন আহত হওয়ার কথা শুনে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় । পরে জানতে পেরেছি আহত ব্যক্তি আশংকামুক্ত। তবে তার পরিচয় আমার জানা নেই ।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]