
কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কামড়ে সাগরিকা খাতুন (২৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলাররামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ঠোটারপাড়া গ্রামে টয়লেটে যাওয়ার সময় বিষধর সাপে তাকে কামড় দেয় বা দংশন করে। স্থানীয় ওঝা দিয়ে ঝাড়ফুঁক করলে অবস্থার অবনতি হওয়ায় তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক গৃহবধু সাগরিকাকে মৃত ঘোষণা করেন। নিহত গৃহবধু একই এলাকার নুরে আলম জিকুর স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গৃহবধু সাগরিকা রাতে প্রকৃতিডাকে বাড়ির বাইরে থাকা টয়লেটে যাওয়ার সময় অন্ধকারে বিষধর সাপ তাকে কামড় (দংশন) দেয়। বিষ নামানোর কথা বলে স্থানীয় ওঝা দিয়ে ঝাড়ফুঁক করা হয়। এ সময় গৃহবধুর অবস্থার অবনতি হলে তাকে রাত আড়াইটার দিকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, রাতে সাপের কামড়ে ঠোটারপাড়া গ্রামের জিকুর স্ত্রী মারা গেছে। দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে বলে তিনি নিশ্চিত করেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, রাত আড়াইটার দিকে সাগরিকা নামে একজন সাপে কাটা রোগীকে তার পরিবারের সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনাম মজুত রয়েছে।
সাপে কাটার পর কোনো ধরনের ঝাড়ফুঁক বা কবিরাজি চিকিৎসার ওপর নির্ভর না করে যত দ্রুত সম্ভব রোগীকে নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে আসতে হবে। দ্রুত হাসপাতালে পৌঁছানো গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীর জীবন রক্ষা করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, সাপের কামড়ে সাগরিকা নামে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি টিম হাসপাতালে যায়। পরে নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে পুলিশ ও চিকিৎসকদের পক্ষ থেকে সাপের কামড়ের ক্ষেত্রে ঝাড়ফুঁক বা ওঝার ওপর নির্ভর না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]