
কুষ্টিয়ার কুমারখালীতে মাছ ধরতে গিয়ে গড়াই নদীতে ডুবেপরিমল মণ্ডল (৩৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে কুমারখালী পৌরসভার এম এন বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পরিমল মণ্ডল খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের হিলালপুর গ্রামের মান্য মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভরা গড়াই নদীতে তীব্র স্রোতের মধ্যে আজ বিকেলে পরিমল টিনের তৈরি একটি ডিঙি নৌকায় করে নদীতে মাছ ধরতে যান। তিনি লম্বা সুতোয় অসংখ্য বড়শি নদীতে ফেলে মাছ ধরছিলেন। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে ডিঙি নৌকাটি উল্টে যায়। এ সময় বড়শির সুতো তাঁর শরীরে পেঁচিয়েগেলে তিনি নদীতে ডুবে যান।
ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে নদীতে নেমে তাঁকে উদ্ধার করেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে কুমারখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরিমলকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, বিকেলে এক জেলেকে টিনের তৈরি ডিঙি (ডুঙা) নৌকায় মাছ ধরতে দেখেন। হঠাৎ নৌকাটি উল্টে গেলে তিনি নদীতে পড়ে যান। এ সময় বড়শির সুতো তাঁর শরীরে পেঁচিয়ে যাওয়ায় তিনি আর পানির ওপরে উঠতে পারেননি।পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নিহতের বাবা মান্য মণ্ডল বলেন, বিকেল ৩টার দিকে ডিঙি নৌকায় মাছ ধরতে নদীতে নেমেছিল আমার ছেলে। ফেসবুকে একজনের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসি। এসে দেখি,আমার ছেলে আর বেঁচে নেই।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, মাছ ধরার সময় ডিঙি নৌকা উল্টে এবং শরীরে বড়শির সুতো পেঁচিয়ে নদীতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। এঘটনায় নৌপুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]