এমপি আয়নুলের গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২৩:০৭
এমপি আয়নুলের গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) আসনের এমপি ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জ্ঞাত-অজ্ঞাত ৪৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।


রবিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা আলমগীর (২৫) উপজেলার রনতিথা গ্রামের বাবলুর ছেলে।


রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এমপির গাড়িতে হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। সিসি টিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে বাকি আসামিদের গ্রেফতার করা হবে।


এর আগে শনিবার (১৫ আগস্ট) গভীর রাতে বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেন।


এদিকে এমপির গাড়িতে হামলার ঘটনায় জামায়াত-এনসিপিকে দায়ী করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে জেলা বিএনপি।


অপরদিকে অভিযোগ অস্বীকার করে পৃথক বিবৃতি দিয়েছে জামায়াত ও এনসিপি।


হামলার প্রতিবাদে এমপি আয়নুল হকের নির্বাচনী এলাকায় বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা।


এক বিবৃতিতে এমপি আয়নুল হকের ওপর হামলার জন্য জামায়াত-শিবির ও এনসিপিকে দায়ী করে জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি করেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।


বিবৃতিতে বলা হয়, সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর জামাত-শিবির ও এনসিপির সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে এবং এমপির গাড়ি ভাঙচুর করে। ছাত্র রাজনীতি থেকে তিল তিল করে গড়ে ওঠা একজন এমপির ওপর এমন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।


অপরদিকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে উল্লেখ করা হয়, এমপি আয়নুল হকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা জামায়াতের আমির ও সেক্রেটারি। তদন্ত ছাড়াই এ হামলার ঘটনায় জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের দায়ী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার দাবি জানান।


অপরদিকে এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির আলী মর্তুজা ও সেক্রেটারি এস এম মুনসুর আলীও। এক বিবৃতিতে তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হামলাকারীদের দ্রুত শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করার বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তারা।


এছাড়াও এমপি আয়নুল হকের ওপর হামলায় এনসিপিকে দায়ী করে বক্তব্য দেওয়ার প্রতিবাদ জানানো হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিরাজগঞ্জ জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) হযরত আলী উসমানের দেওয়া বিবৃতিতে উল্লেখ বলা হয়, ঘটনায় তদন্ত ছাড়াই এনসিপির নেতাকর্মীদের দোষারোপ করা হয়েছে। একইসঙ্গে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সঠিক তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি করা হয়।


এর আগে শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ধানগড়া বাজারে এক মতবিনিয় সভা থেকে বেরিয়ে আসার পর এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ হামলায় তিনি অক্ষত থাকলেও তার গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়।


ঘটনার পর পরই চান্দাইকোনা এলাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপি। রোববার সকালে তাড়াশেও বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বিএনপি।


ঘটনার বিবরণ দিয়ে রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, রায়গঞ্জ ট্রেকনিকাল ট্রেনিং সেন্টার চান্দাইকোনাতে নির্মাণের জন্য অফিসিয়ালি চিঠি আসে। বিষয়টা জানতে পেরে রায়গঞ্জ পৌর এলাকাবাসীর মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। এ নিয়ে কয়েকদিন ধরে পৌরসভা ও চান্দাইকোনাবাসী পাল্টাপাল্টি মানববন্ধন ও বিক্ষোভ করেন।


বিষয়টি নিরসনের জন্য শনিবার পৌর বিএনপির সভাপতির নেতৃত্বে একটি মিটিংয়ের আয়োজন করা হয়। ওই মিটিংয়ে এমপি উপস্থিত ছিলেন। আলোচনার একপর্যায়ে ছাত্র সমন্বয়ক ফয়সাল বিশ্বাস ও ছাত্র সমন্বয়ক তমালের কথা কাটাকাটি হয়। তর্ক-বিতর্ক হলে কমিটি গঠন করার কথা বলে এমপি ফয়সাল বিশ্বাসকে গাড়িতে উঠিয়ে চলে যাচ্ছিলেন। তখন ধানগড়ার উত্তেজিত জনগণ এমপির গাড়ি আটকানোর চেষ্টা করেন এবং বলেন আমাদের বলেই যেতে হবে প্রতিষ্ঠানটি আমাদের ধানগড়াতেই করতে হবে। এ সময় সিদ্ধান্ত পরে দেওয়ার কথা বলে চলে আসার সময় উত্তেজিত জনগণের মধ্যে কয়েকজন দুই-চারটি ইট মেরেছেন। এতে গাড়ির পেছনের গ্লাসটা ভেঙে গেছে।


তিনি বলেন, ঘটনার পর রাতে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিমি অভিযান চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com