
খুলনার রূপসায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল শহিদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয় ঢালী আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের আক্তার ঢালীর ছেলে। দুর্বৃত্তদের হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, রাতে জয় ঢালী শহিদের মোড় এলাকার একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। ওই সময় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওই সময় জয়ের গলা ও পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। তবে নিহত জয়ের বিরুদ্ধে মাদক, নাশকতাসহ একাধিক মামলা ছিল। ঘটনার পর ময়নাতদন্তের জন্য তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]