
মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটির তারে ঝুলিয়ে রাখা বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্টমোড় ও ড. শহিদ সামসুজ্জোহা পার্কের সামনে থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটির বিভিন্ন তারের সঙ্গে বক্স আকৃতির একটি বস্তু দেখতে পান পথচারীরা। সেটিকে বোমাসদৃশ বস্তু মনে করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি নামিয়ে নিরাপদ স্থানে রাখে। পরে বস্তুটির সঙ্গে থাকা ব্যাটারির তারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বক্সটি খুলে দেখা যায়, এটি সাউন্ড বক্সের মতো একটি বস্তু।
এর কিছুক্ষণ পর শহরের কোর্টমোড় ও ড. শহিদ সামসুজ্জোহা পার্কের সামনেও বৈদ্যুতিক খুঁটির তারে একই ধরনের আরও দুটি বস্তু ঝুলিয়ে রাখার খবর পাওয়া যায়। পরে পুলিশ সেগুলোও উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পথচারীরা জানান, সকাল সোয়া ৯টার দিকে পার্কের সামনের বক্স থেকে বঙ্গবন্ধুর ভাষণ বাজতে শোনা যায়। বিষয়টি জানাজানি হলে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে পুলিশ গিয়ে বক্সটি নামিয়ে নেয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলো কোনো বোমা বা বোমাসদৃশ্য বিপজ্জনক বস্তু নয়। তিনটি বস্তুই উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
তিনি আরও জানান, কে বা কারা এসব বস্তু সেখানে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]