
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর পুলিশ ক্যাম্প থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক ওয়ারেন্টভুক্ত আসামিকে প্রায় ১০ ঘণ্টা অভিযান চালিয়ে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ফরিদ হোসেন (২৮) উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি কোটচাঁদপুর থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার দিকে সাবদারপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভোমরাডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে স্থানীয় বাজারসংলগ্ন একটি স্কুলের পেছন থেকে ফরিদ হোসেনকে আটক করা হয়। পরে তাকে সাবদারপুর পুলিশ ক্যাম্পে নিয়ে রাখা হয়।
তবে রাতেই সুযোগ বুঝে হাতকড়াসহ পুলিশ ক্যাম্প থেকে পালিয়ে যান ওই আসামি। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যাপক অভিযান শুরু করে।
এ বিষয়ে বক্তব্য জানতে সাবদারপুর পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল কুদ্দুসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক জানান, হাতকড়াসহ এক আসামি পালিয়ে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতারে অভিযান শুরু করা হয়। পরে শনিবার ভোরে উপজেলার ধোপাবেলা গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে ফরিদ হোসেনকে পুনরায় গ্রেফকতার করা হয়।
তিনি আরও জানান, পুনরায় গ্রেফতারের পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]