গঙ্গাচড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১০:৫০
গঙ্গাচড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাকিবুল ইসলাম বাবু (৪৩) নামের এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আলমবিদিতর খামার মোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।


রবিবার (১৪ জুন) মাগরিবের নামাজের পর গঙ্গাচড়া সদর ইউনিয়নের ধামুর বোল্লার পাড় এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম ওই এলাকার মৃত আলহাজ্ব মফিজ উদ্দিনের ছোট ছেলে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আমন ধানের বীজ বোনার জন্য নিজের বাড়ির সেচযন্ত্রের (মোটর) বৈদ্যুতিক সুইচ চালু করতে যান রাকিবুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। বাড়ির লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গঙ্গাচড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


আজ ১৫ জুন সকাল ১১ টায় মরহুমের নিজ গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।


তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


বিবার্তা/নাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com