
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ আব্দুল খালেক নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
এর আগে শনিবার গভীর রাতে উপজেলার উল্ল্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল খালেক ফুলছড়ি উপজেলার বাউশ গ্রামের আবুল হোসেনের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা পুলিশের একটি দল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উল্ল্যা বাজার সংলগ্ন বিপুলের ফার্নিচারের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে আব্দুল খালেককে আটক করতে সক্ষম হয়।
পরে তার দেহ তল্লাশি ও সঙ্গে থাকা একটি কালো রঙের ল্যাপটপ ব্যাগে তল্লাশি চালিয়ে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ হাজার টাকা বলে জানান পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল খালেক স্বীকার করেন যে, বিক্রয়ের উদ্দেশ্যে তিনি গাঁজাগুলো নিজের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, 'মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সাঘাটা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আমরা সর্বদা কঠোর অবস্থানে রয়েছি।'
তিনি আরও জানান, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতাও প্রয়োজন।
বিবার্তা/রাকিবুল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]