দৌলতপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ২৩:৪২
দৌলতপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে আতাউর রহমান (৫০) নামে একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২জন।


শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত আতাউর রহমান উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া ফুটানি বাজার এলাকার মৃত উজির আলী বিশ্বাসের ছেলে। এ ঘটনায় আহতদের মধ্যে একজন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং অপরজনকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাগপুর মাঠপাড়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে একই সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা অপর একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে তিন মোটরসাইকেলে থাকা ৩জন চালকই গুরুতর আহত হন এবং মোটরসাইকেল তিনটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন।


অপর আহত তারাগুনিয়া কৈপাল এলাকার মোকলেসুর রহমানের ছেলে শুভ (২৭) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং দুখিপুর এলাকার হাসানুজ্জামানের ছেলে হুমায়ুন কবির (২৩) দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


দুর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, মোটরসাইকেলের সংঘর্ষে আতাউর রহমান নামে একজন নিহত হয়েছেন। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের মধ্যে একজন দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন এবং অপরজনকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com