
আমেরিকার সঙ্গে কথিত গোপন বাণিজ্য চুক্তি বাতিল, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে দাবিতে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত লংমার্চ শুরু করেছেন আলোচিত সমাজকর্মী ও বাংলাদেশ সমতা পার্টির সভাপতি হানিফ বাংলাদেশি।
শনিবার (১৩ জুন) সকালে বাংলাদেশ সমতা পার্টির ব্যানারে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন তিনি। পরে দুপুরে পঞ্চগড় শহরে পৌঁছে বিভিন্ন সড়কে পদযাত্রা ও প্রচারণা চালান। এ সময় তার সঙ্গে দলের সদস্য সাকিব আল হাসান, মাইদুল ইসলাম মুকুল ও রিফাত হোসেন অংশ নেন। তাদের প্রত্যেকের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড।
প্ল্যাকার্ডে একপাশে লেখা ছিল, ‘জাতীয় স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল কর’ এবং অন্যপাশে লেখা ছিল, ‘দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াও’।
প্রচারণাকালে হানিফ বাংলাদেশি দাবি করেন, ড. মুহাম্মদ ইউনুস বাংলাদেশের স্বার্থবিরোধী একটি গোপন বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে করেছেন, যা দেশের জন্য ক্ষতিকর। তার ভাষ্য অনুযায়ী, এই চুক্তি কার্যকর হলে আমদানি-রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। তাই চলমান সংসদ অধিবেশনেই চুক্তি বাতিলের দাবি জানান তিনি।
এ ছাড়া হামের টিকা ক্রয় না করার কারণে শিশু মৃত্যুর ঘটনার জন্য ড. মুহাম্মদ ইউনুস ও তার উপদেষ্টাদের বিচারের দাবি জানান হানিফ বাংলাদেশি। একই সঙ্গে উপদেষ্টাদের বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানান তিনি।
তিনি জানান, আগামী ১৮ জুন টেকনাফে গিয়ে এই লংমার্চ শেষ হবে। পথে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নেমে পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি পালন করবেন তিনি।
উল্লেখ্য, এর আগে মানবতার জন্য মার্চ, ভোটাধিকারের দাবিতে পদযাত্রা, নির্বাচন কমিশনে পচা ডিম নিক্ষেপ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে প্রতীকী লাশ নিয়ে মার্চসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসেন হানিফ বাংলাদেশি। পরবর্তীতে তিনি বাংলাদেশ সমতা পার্টি গঠন করেন এবং বর্তমানে দলটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]