
ভারত সরকারের কথিত পুশ-ইন এবং সীমান্তে হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে ১১ দলীয় জোট এর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল জজকোট এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌড়ঙ্গী মোড়ে এসে শেষ হয়। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে করেন নেতা-কর্মীরা । বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং এ ধরনের ঘটনার অবসান দাবি করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সীমান্তে নিরীহ মানুষ হত্যা এবং জোরপূর্বক পুশ-ইনের মতো ঘটনা দুই দেশের সুসম্পর্কের জন্য অশনিসংকেত। তারা দাবি করেন, মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পরিচালিত এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে সীমান্তে বসবাসরত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ এবং কূটনৈতিক সংলাপ জোরদার করা প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বাংলাদেশ সরকারকে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বের সঙ্গে তুলে ধরারও দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতে আমীর মাওলানা ইকবাল হুসাইন, জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব,সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, জেলা জাতীয় নাগরিক পাটির সদস্য সচিব শিশির আসাদসহ অন্যান্য বক্তিবর্গ বক্তব্য প্রদান করেন। এসময় বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তবর্তী মানুষের নিরাপত্তার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে হবে। এ সময়ে ১১ দলীয় নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]